ভিয়েতনাম ম্যাচে থাকছেন হামজা
স্পোর্টস ডেস্ক : গত মাসে ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকোর বিপক্ষে চোট পেয়ে ক্রাটে ভর দিয়ে মাঠ ছাড়েন হামজা চৌধুরী। ডান হাঁটুর মিডিয়াল ল্যাটারাল লিগামেন্টে চোটের কারণে হামজার সার্জারি করার কথাও উঠেছিল। শেষ পর্যন্ত স্বস্তি খবর হয়ে আসে চোটটা অতটা গুরুতর নয়। অস্ত্রোপচার লাগবে না। তারপরও ভিয়েতনামের বিপক্ষে ইংল্যান্ড প্রবাসী এ তারকাকে লাল—সবুজের জার্সিতে পাওয়া নিয়ে শঙ্কা দেখা গিয়েছিল। সব শঙ্কা উবে যায় সর্বশেষ লেস্টার সিটির জার্সিতে হামজা মাঠে নামায়।
বৃহস্পতিবার আরও পরিষ্কার করে দিয়েছেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এদিন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে বাবু জানান, ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবেন হামজা। আর ঢাকার ক্যাম্পে নয়, ২২ মার্চ সরাসরি ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। দলের বাকিরা অবশ্য ভিয়েতনামের উদ্দেশে রওনা দেবে ২০ মার্চ। এশিয়ান কাপ বাছাইপর্বে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ দল। বাছাইয়ে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপে টেবিলের তিনে আছে বাংলাদেশ।
এশিয়ান কাপে মূল পর্বে যাওয়ার লড়াই থেকে আগেই ছিটকে গেছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতার। তবে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ থাকায় এই ম্যাচকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিঙ্গাপুরে যাওয়ার আগে ভিয়েতনামের বিপক্ষে খেলবে দল। এই দুটি ম্যাচ সামনে রেখে ১৬ মার্চ থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। এই ক্যাম্প হামজাকে ছাড়াই শুরু হবে বলে জানান বাবু, ‘ভিয়েতনামেই হামজা আমাদের সঙ্গে যোগ দেবে। ভিয়েতনামের বিপক্ষেও খেলবে। সেখান থেকে সিঙ্গাপুরে যাবে এবং সিঙ্গাপুরের ম্যাচ শেষ করে সে তার দেশে যাবে।’
কার্ড জটিলতার কারণে বাংলাদেশের সর্বশেষ এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচে ছিলেন না ফাহামিদুল ইসলাম। ইতালির ক্লাবে খেলা এই উইঙ্গার ক্যাম্পে যোগ দিতে সোমবারই ঢাকায় আসছেন। একই দিন ঢাকায় আসবেন আরেক প্রবাসী বাংলাদেশী ফুটবলার তারিক কাজী। পূর্ণ শক্তির দল গড়তে ডাক পড়েছে কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সামিত সোমের। ১৫ মার্চ ঢাকায় আসছেন তিনি। এর এক দিন আগে আসবেন জায়ান আহমেদ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161173