কারা হেফাজতে চিকিৎসাধীন বগুড়ার সারিয়াকান্দির আ’লীগ নেতার মৃত্যু
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : কারাগারের হেফাজতে চিকিৎসাধীন বগুড়ার সারিয়াকান্দির শাহনূর আলম শান্ত (৬৫) নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সহসভাপতি। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজবলাইল গ্রামের মৃত সেকেন্দার আলী প্রামাণিকের ছেলে।
পরিবার এবং মামলার সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি শান্ত বগুড়া নারুলী কৃষি ফার্ম এলাকায় সদর থানার পুলিশের হাতে গ্রেফতার হন। আওয়ামী লীগের নেতা হিসেবে সেদিন রাত ১২টার পর স্থানীয় কিছু লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। এরপর তাকে বগুড়া জেলা আদালতে প্রেরণ করে সদর থানার পুলিশ। সেখান থেকে শান্ত ঢাকার কেরানিগঞ্জ কারাগারে ছিলেন। ২০১৮ সালের একটি সড়ক দুর্ঘটনায় শান্ত তার ডান পা হারান এবং তার ডান হাতেও রড ঢোকানো রয়েছে। তিনি কৃত্রিম পায়ের সহায়তায় চলাচল করতেন। শান্ত হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। কয়দিন পরপরই তাকে কারাগার থেকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতো। সর্বশেষ অসুস্থ হয়ে শান্ত গত তিনদিন আগে কারাগারের তত্ত্বাবধানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তিনি মারা যান।
শান্তর ছোটভাই ফারুক মিয়া বলেন, শান্তর একমাত্র মেয়ে বগুড়া বিয়াম মডেল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। মেয়েটি ইয়াতিম হয়ে গেল। কারাগার থেকে লাশ গ্রহণ করতে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে। শান্তর গ্রামের বাড়িতে তাকে দাফন করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান কোনও মন্তব্য করতে রাজি হননি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161151