বগুড়ার সোনাতলায় ঝড়-বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি: কৃষকের মাথায় হাত
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে আকস্মিক ঝড়-বৃষ্টিতে ফসলের সীমাহীন ক্ষতি হয়েছে। এতে করে কৃষকের মাথায় হাত পড়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ওই দিন রাত আনুমানিক ৪ টায় আকস্মিক ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হয়।
এতে করে সংশ্লিষ্ট উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ওই ঝড়ে বিশেষ করে মরিচ, ভুট্টা, কলা, আমের মুকুল ঝড়ে গেছে। এছাড়াও ইট ব্যবসায়ীদের ভাটার কাঁচা ইট গলে গেছে। এতে করে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) উপজেলার তেকানী চুকাইনগর, গোসাইবাড়ি, শ্যামপুর, হুয়াকুয়া, নিশ্চিন্তপুর, পদ্মপাড়া, উত্তর করমজা, পূর্ব সুজাইতপুর, মধুপুর, আড়িয়ারঘাট, ধর্মকূল, বামুনিয়া, কর্পূর, সরলিয়া, জন্তিয়ারপাড়া, খাবুলিয়া, মির্জাপুর এলাকায় গিয়ে ফসলের ক্ষতি সাধন দেখা যায়।
এ বিষয়ে গোসাইবাড়ি গ্রামের বদিউদ জামান বজলু মিয়া বলেন, গত বৃহস্পতিবারের রাতের ঝড়ে তার ৫ বিঘা জমির ভুট্টা মাটির সাথে নুয়ে পড়েছে। এতে করে ভুট্টা গাছের কলা নষ্ট ও ছিড়ে পড়েছে। এতে করে তার প্রায় ৫ লাক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।
খাবুলিয়া গ্রামের সাইদুর রহমান বলেন, যমুনা নদীর চরে প্রায় ৬ বিঘা জমিতে লাগানো মরিচ গাছ উপড়ে পড়েছে। এতে করে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। সোনাতলা ইট মালিক সমিতির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম বলেন, গত রাতের ঝড়ে বগুড়ার সোনাতলার কয়েকটি ইট ভাটায় প্রায় ৭০-৮০ লাখ টাকার কাঁচা ইট নষ্ট হয়ে গেছে। এতে করে ব্যবসায়ীদের সীমাহীন ক্ষতি সাধন হয়েছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, ঝড়-বৃষ্টি বাতাসে সোনাতলায় ভুট্টা ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। পাশাপাশি আমের গাছের মুকুল ঝড়ে পড়েছে। চরাঞ্চলে মরিচের ক্ষতি হয়েছে। পাশাপাশি ইট ব্যবসায়ীদের কাঁচা ইট গলে গেছে। এতে করে সংশ্লিষ্ট উপজেলায় শত কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161074