দীর্ঘ ৫ বছর পর ব্যাচেলর পয়েন্ট-এ ফিরলেন শামীম

দীর্ঘ ৫ বছর পর ব্যাচেলর পয়েন্ট-এ ফিরলেন শামীম

দীর্ঘদিন পর জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার।

আরেফিন’ চরিত্রে তার এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস। আসছে ঈদ উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব, যেখানে আবারও দেখা যাবে পুরোনো গ্যাংয়ের এই প্রিয় সদস্যকে।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদ স্পেশাল হিসেবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর চ্যাপ্টার–১০ প্রকাশ করা হবে। এতে থাকছে নতুন ৮টি পর্ব (৭৩–৮০), যা এক্সক্লুসিভভাবে মুক্তি পাবে বঙ্গ অ্যাপে।

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, আরেফিনকে ছাড়া ‘ব্যাচেলর পয়েন্ট’র অরিজিনাল গ্যাং অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্ব কাটিয়ে নেহালের উদ্যোগেই আবারও ফ্ল্যাটে ফিরছে আরেফিন। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন-এই পাঁচ বন্ধুকে অনেকদিন পর একসঙ্গে পর্দায় দেখার অভিজ্ঞতা শুটিংয়ের সময় পুরো টিমকেই আবেগাপ্লুত করেছে।

তিনি আরও জানান, ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকায় এই ঈদে তার অন্য কোনো কাজ আসছে না। তাই দর্শকদের জন্য বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল চ্যাপ্টারটি তৈরি করা হয়েছে।

বঙ্গের চিফ অব কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, দর্শকদের ভালোবাসা ও গ্রহণযোগ্যতার কারণেই ‘ব্যাচেলর পয়েন্ট’ আজ একটি বিশেষ জায়গা তৈরি করেছে। গত ৯ মাসে সিজন ৫-এর ৭২টি পর্ব প্রকাশের পর এবার ঈদের আনন্দ বাড়াতে নতুন চ্যাপ্টার–১০ প্রকাশ করা হচ্ছে।

কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলমের পাশাপাশি আবারও যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া স্পর্শিয়া, লামিয়া লামসহ আরও পরিচিত মুখ থাকছেন নতুন পর্বগুলোতে।

দীর্ঘদিন পর আরেফিনের ফিরে আসা ব্যাচেলরদের ফ্ল্যাটে কী নতুন সমীকরণ তৈরি করবে এবং কাবিলা-পাশাদের সঙ্গে তার পুরোনো রসায়ন কোন দিকে মোড় নেবে-তা দেখার অপেক্ষায় দর্শকরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161026