দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়ি এলাকায় জামাই খুন

দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়ি এলাকায় জামাই খুন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে শ্বশুরবাড়ি এলাকায় এসে জামাই খুন হয়েছে। নিহত জামাইয়ের নাম তোফাজ্জল হোসেন(৩০)। নিহত তোফাজ্জল বিরামপুর উপজেলার টাটাকপুর গ্রামের আজিবর রহমানের ছেলে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার হাবড়া ইউনিয়নের হাবড়া তিলাই নদীর ব্রিজের দক্ষিণে নদীর কিনারে ছোট আমগাছের ডালে ফাঁস দিয়ে রাখা নিহত তোফাজ্জলের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের গলায় মোটা রশির দাগ দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর আমগাছে ঝুলে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে নিহত তোফাজ্জলের শ্বশুর মোকছেদুল হকের বাড়ি প্রায় এক কিলোমিটার উত্তরে হাবড়া চন্ডিপুর গ্রামে। ঘটনা সম্পর্কে জানার জন্য নিহত তোফাজ্জলের শ্বশুর মোকছেদুলের বাড়িতে গেলে বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

পরে মোকছেদুলের বৃদ্ধ মা মনজিলা খাতুনের(৭০) দেখা মেলে। তিনি জানান, মোকছেদুল আমার বড় ছেলে। প্রায় দুই বছর আগে আমার নাতনি মনিরা বেগমের সাথে তোফাজ্জলের বিয়ে হয়। এটা তার দ্বিতীয় বিয়ে। প্রথমে তার একটা বিয়ে হয়েছিল এবং তার ঘরের একটা মেয়ে রয়েছে।

সেখান থেকে ছাড়াছাড়ি হবার পর তোফাজ্জলের সাথে বিয়ে হয়। তোফাজ্জলেরও এটা দ্বিতীয় বিয়ে। প্রথম বউকে তালাক দিয়েছিল। এলাকাবাসীর অনেকে জানান, নিহত তোফাজ্জলের সাথে তার স্ত্রীর সাথে মনোমালিন্য চলছিল। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে এ রিপোর্ট লেখা অবধি থানায় কোন মামলা হয়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160978