বগুড়ার সবজির বাজারে স্বস্তি, বাড়তি দাম মুরগির

বগুড়ার সবজির বাজারে স্বস্তি, বাড়তি দাম মুরগির

স্টাফ রিপোর্টার : বগুড়ার সবজির বাজারে স্বস্তি ফিরলেও মুরগির বাড়তি দাম লক্ষ্য করা গেছে। এছাড়াও বগুড়ার বাজারগুলোতে সয়াবিন তেলের সরবরাহ সংকটের কথা বলছেন দোকানীরা। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বগুড়ার ফতেহ আলী বাজারসহ শহরের বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায়, আলু প্রতি কেজি ১৬ থেকে ২০ টাকা, বেগুন ও পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, করলা ও রসুন ৮০ থেকে ১০০, আদা ১২০ থেকে ১৪০, সজনা ২০০, ঢেঁড়স ১২০, মিষ্টিকুমড়া ৪০, টমাটো ২০, কপি ও শিম ৪০, শশা ও খিরা ৩০ ও বরবটি ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বিগত কয়েক বছরের মধ্যে সবজির এমন কম দাম মেলেনি বলে জানাচ্ছেন সবজির খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। এদিকে বগুড়ার ফতেহ আলী ও রাজা বাজারের বেশিরভাগ দোকান ঘুরে এক লিটার ও দুই লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। জানতে চাইলে দোকানীরা অভিযোগ করে বলেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা এক ও দুই লিটার বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছেন না।

এদিন বাজারে তিন লিটার তেল ৩৯০ এবং পাঁচ লিটার তেল ৯৫৫ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। এছাড়াও আটা প্রতি এক কেজির প্যাকেট ৫৫ এবং ময়দা ৬৫ টাকায় বেচাকেনা হচ্ছে। চিনির কেজি ১০০ থেকে ১১০ টাকা, ডিমের হালি ৩৬ টাকা। মসলার মধ্যে সাদা এলাচ প্রতি কেজি ৪ হাজার ৮শ’ থেকে ৫ হাজার ২শ’ টাকা, কালো এলাচ ২ হাজার ৭শ’ টাকা, লবঙ্গ ১ হাজার ৬শ’, জিরা ৬শ’, কিছমিছ ৮৫০, দারুচিনি ৫শ’ এবং বাদাম ২শ’ টাকায় বিক্রি হতে দেখা যায়। আতপ চালের কেজি ১৩০ থেকে ১৪০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।

অপরদিকে শহরের এই বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে বেশ বেড়েছে সব ধরনের মুরগির দাম। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দেশি মুরগির কেজি ৬০০, ব্রয়লার মুরগির কেজিতে ৪০ টাকা পর্যন্ত বেড়ে ১৯০ এবং ককরেল মুরগি ৩০ টাকা পর্যন্ত বেড়ে ২৯০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। গরুর মাংস ৭৫০ এবং খাসির মাংসের কেজি ১১শ’ টাকা।

এদিন আড়াই থেকে তিন কেজি ওজনের সিলভার কার্প মাছ প্রতি কেজি ২৫০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ ৩০০ টাকা এবং দুই কেজি ওজনের রুই মাছ ৩শ’ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও টেংরা মাছ ৪০০ থেকে ৪৫০, পাবদা আকারভেদে ৩০০ থেকে ৩৫০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160969