জয়পুরহাটে মাদ্রাসাছাত্রকে বলাৎকার শিক্ষক গ্রেফতার

জয়পুরহাটে মাদ্রাসাছাত্রকে বলাৎকার শিক্ষক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে আট বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফরিদ জামান (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। গতকাল বুধবার রাত ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগাঁ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত ফরিদ জামান নওগাঁর মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে। তিনি জয়পুরহাটের একটি স্থানীয় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক। র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযুক্ত শিক্ষক ফরিদ জামান গত ৬ মাস ধরে ভয়ভীতি দেখিয়ে ওই শিশু শিক্ষার্থীকে বিভিন্ন সময় বলাৎকার করে আসছিলেন।

গত ২৬ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে মাদ্রাসা ও এতিমখানার একটি কক্ষে ঘুমন্ত ওই শিশুকে ডেকে তুলে জোরপূর্বক বলাৎকার করেন তিনি। এতে শিশুটির রক্তপাত হয় এবং সে অসুস্থ হয়ে পড়ে। ওইদিন সন্ধ্যায় শিশুটির মা তাকে রাতের খাবার দিতে মাদ্রাসায় গেলে সে মাকে বিস্তারিত জানায়। পরে অভিযুক্ত শিক্ষক ফরিদ জামানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার নুরল হুদা জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়পুরহাট থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মেহেদী আলম জানান, মামলার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারকৃত আসামী ফরিদ জামানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160961