যুক্তরাষ্ট্র থেকে ফিরে নতুন গানে ব্যস্ত মিমি আলাউদ্দিন

যুক্তরাষ্ট্র থেকে ফিরে নতুন গানে ব্যস্ত মিমি আলাউদ্দিন

অভি মঈনুদ্দীন ঃ মিমি আলাউদ্দিন, দীর্ঘদিন ধরেই গান করছেন। স্বামী দেশের প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুর পর গান নিয়ে গানের ভুবনে টিকে থাকে নীরবে নিভৃতে বলা যায় এক ধরনের যুদ্ধই করে যাচ্ছেন। নিজের একমাত্র মেয়েকে নিয়ে জীবন যাপন আর গান নিয়ে বেঁচে থাকাটাই যেন তার জীবনের আরাধনা। আলাউদ্দিন আলীর সুরে তার বেশকিছু মৌলিক গান রয়েছে। তবে যে গানটি শ্রোতা দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে সে গানটি হলো ‘কোনাকিছু শেষ হয়ে যায়না, এ হৃদয় স্মৃতিময় আয়না’। যখন যেখানে স্টেজ শোতে বা টিভি শোতে গিয়েছেন মিমি, এই গানটির জন্য বিশেষ অনুরোধ থাকেই শ্রোতা দর্শকের। গানটি লিখেছেন ও সুর করেছেন আলাউদ্দিন আলী।

বিগত পাঁচ মাসেরও বেশি সময় মিমি আলাউদ্দিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখানে তিনি নয়টি স্টেট-এ পনেরোটি শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। যুক্তরাষ্ট্রে থাকাবস্থাতেই বাংলাদেশের বেশ কয়েকজন সুরকার, সঙ্গীত পরিচালকের সঙ্গে মিমির কথা হয়। কিছুদিন হলো তিনি দেশে ফিরেছেন।

মিমি জানান, আগামী কিছুদিনের মধ্যেই তিনি ফোয়াদ নাসের বাবু, নকীব খান, আকাশ সেনের সুরে গান গাইবেন। আপাতত এই গানগুলোতে ভয়েজ দেবার পূর্বে গানগুলো নিয়ে চর্চা করছেন নিয়মিত। এছাড়াও তিনি দেশে ফিরে বিভিন্ন টিভি শোতেও অংশ নিয়েছেন। ঈদ পরবর্তী স্টেজ শো নিয়েও পরিকল্পনা রয়েছে তার।

মিমি বলেন,‘ যুক্তরাষ্ট্রে টানা পাঁচ মাসে পনেরোটিরও বেশি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছি। নিজের গান’সহ শ্রদ্ধেয় রুনা লায়লা আপা, সাবিনা ইয়াসমিন আপা, মিতালী মুখার্জি দিদিও গান গেয়েছি। তাদের গানেরই অনুরোধ আসে বেশি। আমার নিজেরও ভীষণ ভালোলাগে এবং স্বাচ্ছন্দ্যবোধ করি তাদের গান গাইতে। দেশে ফেরার পর টুকটাক কাজ করেছি। তবে শ্রদ্ধেয় বাবু ভাই, নকীব খান ভাই ও আকাশ সেনের সুরে শিগগিরই গান গাইবো। প্রতিটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’

মিমি প্রথম শাকিব-অপু অভিনীত ‘যদি বউ সাজোগো’ সিনেমাতে প্লে-ব্যাক করেন। এরপর আরো ১৫টি সিনেমাতে তিনি প্লে-ব্যাক করেন। এরইমধ্যে মিমি গত ১০ মার্চ চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে দেখা করেছেন। ফরিদুর রেজা সাগর মিমিকে কথা দিছেছেন কোনো বিশেষ দিনকে উপলক্ষ্য করে তিনি আলাউদ্দিন আলীকে নিয়ে চ্যানেল আইতে প্রচারের জন্য একটি বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করবেন।

অবশ্য মিমি জানান, তিনি নিজেও আলাউদ্দিন আলীকে নিয়ে আগামী কোরবানীর ঈদের পর একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছেন। সময় হলেই সইে অনুষ্ঠান সম্পর্কে সবাইকে জানান দিবেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160954