বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরও তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুতগতিতে চলাচলের সময় নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের বেশ কয়েকজন যাত্রী নিহত হন। এসময় আরও কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুকান্ত কুমার পাল বলেন, ‌‘হাসপাতালে এক শিশুসহ চারজনকে নিয়ে আসা হয়। এখানে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ এখন হাসপাতালে আছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী আইনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আটজন নিহত এবং একজনকে আহত অবস্থায় মেডিকেলে আনা হয়। পরবর্তীতে আহত ব্যক্তিও মারা যান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160948