বিমান নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস-বেবিচকের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বিমান নিরাপত্তা জোরদারে ফায়ার সার্ভিস-বেবিচকের সমঝোতা চুক্তি স্বাক্ষর

বাংলাদেশে বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করার লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর (এফএসসিডি) এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

সার্চ অ্যান্ড রেসকিউ (SAR) এবং রেসকিউ অ্যান্ড ফায়ার ফাইটিং (RFF) বিষয়ক এই সমঝোতা স্মারকের মূল লক্ষ্য হলো- দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করা। এর মাধ্যমে বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকায় সম্ভাব্য দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিত উদ্ধার অভিযান এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম নিশ্চিত করা হবে।

অনাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক (বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)।

বেবিচকের পক্ষে পরিচালক (এটিএম) মো. শামসুল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষে উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. মামুনুর রশিদ (বিএফএম) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় বেবিচক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

চুক্তি অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা প্রদান, সমন্বিত প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তার মাধ্যমে বিমান চলাচল নিরাপত্তা জোরদারে কাজ করবে। এর ফলে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলা ও অগ্নিনির্বাপণ সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ফায়ার সার্ভিস মিডিয়া সেল সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160947