সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দস্যু করিম শরীফ বাহিনীর সদস্য আটক
সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্য ওসমান গণিকে (৩৮) আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন মূর্তির খাল এলাকায় অভিযান চালিয়ে দস্যু ওসমান গণিকে আটক করা হয়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ১৬ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
আটক ডাকাত ওসমান গণি সাতক্ষীরার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দকৃত আলামত ও আটক ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা অপারেশন কর্মকর্তা লেঃ কমান্ডার আবরার হাসান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দস্যু ওসমান গণিকে আটক করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।