উখিয়ায় সেহেরির সময় ঘরের ভেতরে মিলল গৃহবধূর রক্তাক্ত মরদেহ

উখিয়ায় সেহেরির সময় ঘরের ভেতরে মিলল গৃহবধূর রক্তাক্ত মরদেহ

কক্সবাজারে উখিয়ার পাহাড়ী এলাকায় সেহেরির সময় এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বুধবার (১১ মার্চ) ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাজিদা আক্তার (২৫) পালংখালী ইউনিয়নের মোছারখোলা এলাকার নুরুল বশরের ছেলে মো. শফিকুল ইসলামের স্ত্রী। 

পুলিশ জানিয়েছে, জাজিদা আক্তারের স্বামী শফিকুল পেশায় একজন দিনমজুর। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। রোজা শুরুর ২/৩ দিন পর থেকে কাজের কথা বলে তিনি বান্দরবান যান।

নিহতের শ্বশুর নুরুল বশর বলেন, ছেলে আমার বাড়ি থেকে কিছুটা দূরে স্ত্রীকে নিয়ে আলাদা থাকে। আমার স্ত্রী রোজা শুরুর আগে থেকে অসুস্থ। রমজানে প্রতিদিন ভোররাতে জাজিদা সেহেরি তৈরি করে দিত। সেহেরির শেষ সময়ের ১০/২০ মিনিট আগেও ডেকে না দেওয়ায় আমি খোঁজ নিতে যাই। অন্ধকার ঘরের ভেতরে আলো জ্বালিয়ে দেখি জাজিদা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। 

তবে নিহতের বাবা নুরুল ইসলাম বলেন, তার মেয়ে জাজিদার সঙ্গে শফিকুলের মধ্যে সামাজিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক বছর না যেতেই তার মেয়ের সঙ্গে জামাইয়ের কলহ শুরু হয়। স্বামীর পাশাপাশি শ্বশুর-শাশুড়িও আমার মেয়েকে শারীরিক নির্যাতন করত। আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনসহ  জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছ বলে জানিয়েছে পুলিশ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160754