বাংলাদেশ-পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে ফ্রি পানির ব্যবস্থা
স্পোর্টস ডেস্ক : রমজান মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বুধবার (১১ মার্চ) থেকে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া সিরিজে দর্শকদের জন্য বিনামূল্যে খাবার ও পানির ব্যবস্থা রাখা হয়েছে।
বিসিবি জানিয়েছে, রোজা রেখে যারা গ্যালারিতে দীর্ঘ সময় খেলা দেখবেন, তাদের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেডিয়ামের বিভিন্ন পয়েন্টে পানি সরবরাহ থাকবে, যাতে দর্শকরা সহজে তা নিতে পারেন।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ মিরপুরে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে। রমজান মাসে ইফতারের আগ পর্যন্ত গ্যালারিতে থাকা দর্শকদের জন্য এই উদ্যোগ বাড়তি সুবিধা দেবে।
দর্শক উপস্থিতি বাড়ানোর জন্য টিকিটের দামও সাধারণ মানুষের নাগালে রাখা হয়েছে। সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160714