শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীতে সাঁড়াশি অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমন, মনির ও সায়েম।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী চকবাজার এলাকা থেকে একটি বিদেশি রিভলভার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়, যা পাহাড়তলী থানা থেকে লুণ্ঠিত হয়েছিল। পরে পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে ব্রাজিলিয়ান টরাস পিস্তল ও একটি মোটরসাইকেলসহ মনিরকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে মনিরের তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সায়েমকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী খুলশী এলাকা থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, এসব অস্ত্র খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসীদের কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে অন্তত ১০টি মামলা রয়েছে।

এদিকে পুলিশ জানিয়েছে, বড় সাজ্জাদ গ্রুপে নতুন সদস্য অন্তর্ভুক্তির একটি শপথের ভিডিওও উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধার করা অস্ত্রগুলো সাম্প্রতিক কয়েকটি গুলির ঘটনায় ব্যবহৃত হয়েছে।

পুলিশের তথ্যমতে, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীর বাসিন্দা সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ দীর্ঘদিন ধরে অপরাধ জগতের সঙ্গে জড়িত। ২০০০ সালে বহদ্দারহাটে আটজনকে ব্রাশফায়ারে হত্যার আলোচিত ঘটনার পর তার নাম ব্যাপকভাবে আলোচনায় আসে। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করে মুঠোফোনে তার সহযোগীদের নির্দেশনা দেন বলে ধারণা করছে পুলিশ।

বাহিনীর অন্য সদস্যদের গ্রেপ্তার ও আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160712