আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ওয়াকার
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার কাইল ওয়াকার। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় জাতীয় দলকে বিদায় জানান তিনি। বিশ্বকাপের মাত্র তিন মাস আগে ৩৫ বছর বয়সী এই ফুটবলার এমন সিদ্ধান্ত নিলেন।
বিদায় বার্তায় ওয়াকার বলেন, এই সিদ্ধান্ত নিতে তার খারাপ লাগছে, তবে ইংল্যান্ডের হয়ে যা অর্জন করেছেন তা নিয়ে তিনি ভীষণ গর্বিত। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ইংল্যান্ডের হয়ে ৯৬টি ম্যাচ খেলেছেন।
ওয়াকার ইংল্যান্ডের হয়ে পাঁচটি বড় টুর্নামেন্টে অংশ নিয়েছেন। তিনি ২০১৮ সালের বিশ্বকাপের সেমিফাইনালে খেলেন এবং ২০২০ ও ২০২৪ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রানার্সআপ দলের সদস্য ছিলেন।
নিজের ক্যারিয়ার নিয়ে ওয়াকার বলেন, দেশের হয়ে বড় টুর্নামেন্টে খেলা এবং ফাইনালে ওঠা তার জন্য বড় সম্মানের বিষয়। তিনি যেসব কোচের অধীনে খেলেছেন—ফাবিও কাপেলো, রয় হজসন, লি কার্সলি, গ্যারেথ সাউথগেট ও থমাস টুখেল—তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
২০০৯ সালে ফাবিও কাপেলোর অধীনে স্পেনের বিপক্ষে ওয়েম্বলিতে তার আন্তর্জাতিক অভিষেক হয়। কয়েক দিন পর সুইডেনের বিপক্ষে প্রথম একাদশে নেমেই ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।
ক্লাব ফুটবলে ওয়াকার খেলেছেন শেফিল্ড ইউনাইটেড, নর্থ্যাম্পটন টাউন, টটেনহ্যাম হটস্পার, কুইন্স পার্ক রেঞ্জার্স, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ও বার্নলিতে। এর মধ্যে ম্যানচেস্টার সিটিতেই তিনি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে ক্লাবটি ছাড়ার আগে সেখানে ৩১৯ ম্যাচ খেলেন এবং ১৭টি বড় শিরোপা জেতেন। পরে ধারে এসি মিলানে যোগ দিয়ে গত বছরের জুলাইয়ে বার্নলিতে পাড়ি জমান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160711