যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিল কিম জং উনের বোন

যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়াকে ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি দিল কিম জং উনের বোন

আন্তর্জাতিক ডেস্কউত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার নিরাপত্তাকে চ্যালেঞ্জ করা হলে তার ‘পরিণতি হবে ভয়াবহ’।

মঙ্গলবার (১০ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা যখন অস্থির, তখন এ ধরনের মহড়া আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। একদিন আগে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের ১১ দিনব্যাপী বার্ষিক যৌথ মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করেছে, যেখানে হাজারো সেনা অংশ নিচ্ছে।

কিম ইয়ো জং বলেন, বাহ্যিক হুমকির বিরুদ্ধে উত্তর কোরিয়া তার ‘ধ্বংসাত্মক শক্তি’ আরও বাড়াবে এবং শত্রুদের কাছে নিজেদের যুদ্ধ প্রতিরোধ ক্ষমতা প্রমাণ করবে।

দীর্ঘদিন ধরেই পিয়ংইয়ং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়াকে আক্রমণের প্রস্তুতি হিসেবে অভিযোগ করে আসছে। তবে ওয়াশিংটন ও সিউল বলছে, এসব মহড়া সম্পূর্ণ প্রতিরক্ষামূলক।

এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ুং জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে দেশটিতে মোতায়েন কিছু মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হতে পারে। যদিও সিউল এ সিদ্ধান্তের বিরোধিতা করেছে, তবে তিনি বলেছেন এতে তাদের সামগ্রিক প্রতিরক্ষা দুর্বল হবে না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160706