মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মানিকছড়িতে রান্নাঘর থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির মানিকছড়িতে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালে মানিকছড়ি উপজেলার বড়বিল এলাকায় রান্নাঘর থেকে ৪১ বছর বয়সী রাম্রা মারমার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাম্রা মারমা ৩ ছেলে ও ১ কন্যা সন্তানের জননী।

নিহতের মেয়ে, কলেজছাত্রী আনুমা মারমা জানান, সোমবার রাত ১০টার দিকে তিনি এবং তার মা রাম্রা মারমা খাবার খেয়ে নিজ নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রান্নাঘরের বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় তার মরদেহ দেখতে পান। কম্বল সরাতেই মাথা ও গলায় আঘাতের চিহ্নসহ রক্তাক্ত মরদেহটি দেখে চিৎকার শুরু করেন আনুমা। এতে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. আল আমিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যা। তদন্ত করে দোষীদের গ্রেফতার করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160699