জুরি বোর্ডে আমলা থাকা উচিত নয় : ন্যানসি
বিনোদন ডেস্ক ঃ জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সবশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্যও ছিলেন তিনি। ক’দিন আগেই ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩। বরাবরের মতো এবারো দু’-একটি বিষয় নিয়ে বিতর্ক চলছে। যেমন চিত্রনাট্য না লিখেই ‘রক্তজবা’ সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন নিয়ামুল মুক্তা। যদিও তিনি এ পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। এর বাইরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শর্তের ১ (খ)-তে রয়েছে, আজীবন সম্মাননা পুরস্কারের জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনা করা হবে। কিন্তু ২০২৩ সালে আজীবন সম্মাননা পুরস্কার এমন দু’জনকে দেয়া হয়েছে, যারা প্রয়াত। এবার জুরি বোর্ড নিয়ে ওঠা বিতর্ক ও পুরস্কার নীতিমালা বিষয়ে কথা বলেছেন নাজমুন মুনিরা ন্যান্সি।
প্রথমেই বিতর্ক নিয়ে তিনি বললেন, ‘রক্তজবা’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান যিনি চিত্রনাট্যকার তার নামই জমা দেয়নি। সুতরাং এই দায় তো পুরস্কার কমিটির ওপর বর্তায় না। তবে হ্যাঁ, আজীবন সম্মাননা নিয়ে আমার কথা রয়েছে। কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার মৃত ব্যক্তিদের না দেয়ার নিয়ম রয়েছে। এ বিষয়টি জুরি বোর্ডের বিচারকার্যের পর অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটা নিয়ে আমারও আপত্তি আছে। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে আমলা অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে জোর আপত্তি জানিয়েছেন এ গায়িকা। তিনি বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডে আমলা থাকা উচিত নয়। এখানে অভিনয়, সংগীত, পরিচালনা, প্রযোজনা, চিত্রগ্রাহক, নৃত্য পরিচালক, রূপবিশেষজ্ঞ, চলচ্চিত্র সাংবাদিকসহ প্রতিটি ক্ষেত্রে অভিজ্ঞদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। কারণ এ বিষয়ে অভিজ্ঞরাই বিচারকার্যের জন্য উপযুক্ত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160696