দিনাজপুরের বিরামপুর হাসপাতালে মিলছে না  জলাতঙ্কের টিকা

দিনাজপুরের বিরামপুর হাসপাতালে মিলছে না  জলাতঙ্কের টিকা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যা হাসপাতালে জলাতঙ্কের টিকার(রেবিস) সংকট দেখা দিয়েছে। দু’সপ্তাহ ধরে টিকা না থাকায় বিষাক্ত প্রাণী (কুকুর-বিড়াল) দ্বারা আক্রান্ত রোগীরা বিপাকে পড়ছেন। 

হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, ত্বরিত টিকা আসার সম্ভাবনা নেই। বিরামপুর হাসপাতাল সূত্রে জানা যায়, গত প্রায় তিন মাস আগে হাসপাতালে ৪০০ পিস রেবিস টিকা আনা হয়। কিন্তু বিরামপুর উপজেলাটি পাশ্ববর্তী হাকিমপুর, নবাবগঞ্জ ও ফুলবাড়ি উপজেলার কেন্দ্রস্থলে হওয়ায় ঐ এলাকার রোগীরা এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। ফলে মাত্র তিন মাসের মধ্যে ৪০০ পিস টিকা শেষ হয়ে যায়। গত ফেব্রুয়ারি মাসের ২৫ তারিখে থেকে এই হাসপাতালে কোন রেবিস টিকা নেই। বিষাক্ত প্রাণী দ্বারা আক্রান্ত কিছু রোগী দোকান থেকে রেবিস টিকা কিনে প্রয়োগ করলেও সাধারণ রোগীরা পড়ছেন বিপাকে। তারা বিনামূল্যের টিকার জন্য পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে ছুটাছুটি করছেন। এতে তারা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

পৌর এলাকার দয়েরপাড় গ্রামের কৃষক আহাচান আলী বলেন, গত ২৬ ফেব্রুয়ারি তাকে বিড়াল কামড় দেয়। তিনি বিরামপুর হাসপাতালে টিকা না পেয়ে দোকান থেকে ৫০০ টাকা দিয়ে টিকা কিনে প্রয়োগ করেছেন। পরবর্তী দুই ডোজ টিকা তিনি ২০ কিলোমিটার দূরবর্তী ফুলবাড়ি হাসপাতাল থেকে নিয়েছেন। 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা স্থানীয়ভাবে টেন্ডারের মাধ্যমে টিকা কিনতে বলেছেন। টেন্ডার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ত্বরিত রেবিস টিকা আনার কোন ব্যবস্থা নেই।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160676