বিশ্বকাপজয়ী কোচ নিলেন শ্রীলঙ্কার দায়িত্ব
স্পোর্টস ডেস্ক : এবারের টি-২০ বিশ্বকাপে প্রত্যাশার পূরণ হয়নি লঙ্কানদের। যে কারণে বিশ্বকাপ শেষ হওয়ার আগেই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সনৎ জয়সুরিয়া।
বিশ্বকাপের পর নতুন করে দলকে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা (এসএলসি)। যার প্রথম পদক্ষেপ হিসেবে তারা আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে গ্যারি কার্স্টেনকে। অভিজ্ঞ এই দক্ষিণ আফ্রিকান কোচ আগামী ১৫ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে, যা কার্যকর থাকবে ২০২৮ সালের ১৪ এপ্রিল পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার দায়িত্ব নিচ্ছেন এমন এক সময়ে, যখন শ্রীলঙ্কা ক্রিকেট টিম স্থিতিশীলতা এবং ধারাবাহিক সাফল্যের পথ খুঁজছে। আগের কোচ সনৎ জয়সুরিয়া শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় নাম হলেও, কোচ হিসেবে কার্স্টেনকে দেশটির ইতিহাসে সবচেয়ে বড় নিয়োগগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
কার্স্টেন কোচিং ক্যারিয়ারে দারুণ সাফল্যের অধিকারী। তার অধীনেই ভারতীয় ক্রিকেট দল ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল। একই সঙ্গে তার সময়েই দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল টেস্ট ক্রিকেটের শীর্ষ র্যাংকিংয়ে উঠেছিল। সম্প্রতি তিনি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া ক্রিকেট দলের পরামর্শক হিসেবেও কাজ করেছেন। খেলোয়াড়ি জীবনেও কার্স্টেন ছিলেন দক্ষিণ আফ্রিকার অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৪ হাজারের বেশি রান করেছেন এবং নিজের দেশের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০টি টেস্ট ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছিলেন।
শ্রীলঙ্কা ক্রিকেটে বিদেশি কোচদের সাফল্যের দীর্ঘ ইতিহাস রয়েছে। ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ডেভ হোয়াটমোর। এরপর টম মুডি ও ট্রেভর বেইলিসের অধীনে শ্রীলঙ্কা ২০০৭ ও ২০১১ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। সর্বশেষ বিদেশি কোচ ছিলেন ক্রিস সিলভারউড, যার পর দায়িত্ব নেন সনৎ জয়াসুরিয়া।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160587