তিন দশকের ঐতিহ্য পাবনার বেড়ায় রোজাদারের পছন্দ বিশু ঘোষের মাঠা 

তিন দশকের ঐতিহ্য পাবনার বেড়ায় রোজাদারের পছন্দ বিশু ঘোষের মাঠা 

আবুল কালাম আজাদ, বেড়া (পাবনা): পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির মাস। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় শরীরকে সতেজ করতে মানুষ নানা ধরনের খাবার ও পানীয় গ্রহণ করে। বিশেষ করে ঠান্ডা ও সতেজ পানীয়ের প্রতি সবার আগ্রহ থাকে বেশি।

পাবনার বেড়া উপজেলার মানুষের কাছে তেমনই একটি জনপ্রিয় পানীয় হলো বিশু ঘোষের তৈরি শীতল মাঠা। প্রায় ৩০ বছর ধরে তিনি বেড়া বাজারে মাঠা বিক্রি করে আসছেন। সময়ের সাথে সাথে তার এই মাঠা উপজেলা ছাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকাতেও সুনাম অর্জন করেছে।

বেড়া বাজারের পরিচিত মুখ বিশু ঘোষের বয়স এখন ষাটের কোঠায়। তবে মাঠা বিক্রির অভিজ্ঞতা তার প্রায় তিন দশকেরও বেশি। ছোট পরিসরে শুরু করা এই উদ্যোগ এখন বেড়া বাজারের অন্যতম পরিচিত পানীয় হিসেবে জায়গা করে নিয়েছে। সারা বছরই তিনি মাঠা বিক্রি করেন, তবে রমজান মাসে এর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। সারাদিন রোজা রাখার পর মানুষ ঠান্ডা ও হালকা পানীয় বেশি পছন্দ করায় মাঠার কদরও বেড়ে যায়।

রমজান মাসে প্রতিদিন বেলা আড়াইটা থেকে তিনি মাঠা বিক্রি শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সমাগম বাড়তে থাকে এবং ইফতারের আগ পর্যন্ত চলে মাঠা বিক্রি। অনেক সময় ইফতারের আগেই মাঠা শেষ হয়ে যায়। তিনি প্রতিদিন প্রায় ৫ থেকে ৭ মণ মাঠা বিক্রি করেন।

বিশু ঘোষ বলেন, রমজান মাসে মানুষ রোজা রাখে। তাদের জন্য একটু ভালো কিছু দিতে পারলে আমারও ভালো লাগে। তাই বাড়তি লাভের চিন্তা না করে আগের দামে মাঠা বিক্রি করি। স্থানীয়রা জানান, রমজান এলেই সাধারণত বাজারে নিত্যপণ্যের দাম বাড়তে দেখা যায়। কিন্তুবছরের অন্য সময়ের মতো রমজান মাসেও বিশু ঘোষ মাঠার দাম বাড়ান না। প্রতি কেজি মাঠা ৭০ টাকায় বিক্রি করেন তিনি।

বেড়া পৌর এলাকার বৃশালিকা মহল্লার বাসিন্দা মো. হান্নান বলেন, ইফতারের সময় এক গ্লাস ঠান্ডা মাঠা খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। বিশেষ করে বিশু দার তৈরি মাঠার স্বাদ আলাদা, খুবই ভালো লাগে। তাই রমজান মাসে প্রায় প্রতিদিনই মাঠা কিনে নিয়ে যান তিনি। দামও তুলনামূলক কম, আর স্বাদও দারুণ।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিলন মাহমুদ বলেন, সারাদিন রোজা রাখার পর শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এসময় মাঠা পান করলে শরীর দ্রুত সতেজ হয়। মাঠায় থাকা প্রাকৃতিক লবণ ও উপকারী ব্যাকটেরিয়া হজমে সহায়তা করে এবং শরীরকে ঠান্ডা রাখে। তাই ইফতারে মাঠার মতো হালকা পানীয় শরীরের জন্য বেশ উপকারী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160550