দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে: জামায়াত আমির
জ্বালানি তেলের সংকটে দেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (৯ মার্চ) বিকেলে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সরকারের প্রতি দ্রুত সমাধানের অনুরোধ জানান তিনি।
পোস্টে তিনি উল্লেখ করেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল নিতে মানুষের যে দুর্ভোগের ছবি দেখা যাচ্ছে, তা অত্যন্ত কষ্টকর। কিলোমিটার পর কিলোমিটার লাইন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা—এমন পরিস্থিতিতে রোজা রেখে অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, এমনকি অনেকের গাড়ির তেলও শেষ হয়ে গেছে।
তিনি আরও বলেন, এই সংকট শুধু সাধারণ মানুষের যাতায়াতেই নয়, বিদ্যুৎ উৎপাদন ও শিল্পকারখানার ওপরও প্রভাব ফেলছে। সামনে ঈদের যাত্রা শুরু হতে যাচ্ছে, তাই দ্রুত সমাধান না হলে মানুষের ঈদযাত্রা আরও কঠিন হবে।
এর আগে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, বিকল্প উৎস থেকে জ্বালানি সরবরাহের উদ্যোগ নিতে। কিন্তু পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। তাই সরকারের প্রতি আবারও অনুরোধ জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক অংশীদার ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে যোগাযোগ করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।
পোস্টের শেষে দেশের জনগণের প্রতি তিনি ধৈর্য ধারণ এবং অপ্রয়োজনীয় জ্বালানি ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160504