আশুলিয়ায় গার্মেন্টসের ভেতর থেকে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশুলিয়ায় গার্মেন্টসের ভেতর থেকে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় গার্মেন্টসের ভেতর থেকে মো. হবিবুল্লা নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৯ মার্চ) দুপুরে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে সকালে সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকার গিল্ডান গার্মেন্টসের ৪র্থ তলায় পোশাক কারখানার ভেতর থেকে ওই শ্রমিকের ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় কারখানা কর্তৃপক্ষ।

নিহত হবিবুল্লা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খেরকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি সাভারের আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় গিল্ডান গার্মেন্টসে সুইং লোডার পদে চাকরি করতেন।

পুলিশ জানায়, সকালে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় গিল্ডান নামে একটি পোশাক কারখানার ৪র্থ তলায় একটি ফ্লোরে হবিবুল্লার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় কারখানা কর্তৃপক্ষ। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সকালে কারখানার লোকজন এসে ওই পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। কিন্তু ওই পোশাক শ্রমিক আত্মহত্যা করেছে বা হত্যার শিকার, তা তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160424