বগুড়ার দুপচাঁচিয়া ধাপহাট মার্কেট নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি

বগুড়ার দুপচাঁচিয়া ধাপহাট মার্কেট নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধাপ সুলতানগঞ্জ হাট মার্কেট নির্মাণ কাজ দুই বছরেও শেষ হয়নি। দির্ঘদিন কাজটি ফেলে রাখায় মার্কেটটি নির্মাণ অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ‘দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প’’  এর আওতায় উপজেলা ধাপ সুলতানগঞ্জ হাটে ২ কোটি ৮৮ লাখ ৬ হাজার ১৪৯ টাকা ব্যয়ে দুইতলা ফাউন্ডেশনবিশিষ্ট দুইতলা মার্কেট ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। সিরাজগঞ্জের ওখান এন্টারপ্রাইজের মালিকানাধীন আবুল খায়ের সেলিম ঠিকাদার নির্বাচিত হন।

কাজটি ২০২৪ সালের ১৯ মে শুরু এবং গত ২০২৫ সালে ২০ জুলাই শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া ছিল। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দুপচাঁচিয়ার উপজেলার তত্ত্বাবধানে নির্বাচিত ঠিকাদার যথাসময়ে কাজ শুরু করেন। নির্বাচিত ঠিকাদারের গড়িমসির কারণে প্রায় দুই বছর পার হলেও মার্কেট হাট-এ ভবনটি নির্মাণ কাজ শেষ হয়নি।

এ বিষয়ে নির্বাচিত ঠিকাদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। এ দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করলেও কোনো অগ্রগতি হয়নি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন বলেন, ধাপ সুলতানগঞ্জ হাট-এ দুইতলা ফাউন্ডেশনবিশিষ্ট দুইতলা মার্কেট ভবন নির্মাণের কাজ প্রায় শেষ, যা অনেকটা দৃশ্যমান। মার্কেটের দরজার সাটার, পানি নিষ্কাশন, বিদ্যুৎ সংযোগ স্থাপনসহ আনুসাঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে। নির্বাচিত ঠিকাদারের সাথে যোগাযোগ হয়েছে। কাজটি শুরু করে তা দ্রুত বাস্তবায়ন করবেন বলেও জানান এই কর্মকর্তা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160383