সুনামগঞ্জে অটোরিকশা চুরি করে পালাতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক

সুনামগঞ্জে অটোরিকশা চুরি করে পালাতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক

সুনামগঞ্জের তাহিরপুরে অটোরিকশা চুরি করে পালাতে গিয়ে আলীরাজ মিয়া (৩৪) নামে এক ব্যক্তি গ্রামবাসীর হাতে আটক হয়েছেন। গাছে বেঁধে ঘণ্টাখানেক সময় ধরে জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। 

আজ রোববার (৮ মার্চ) ভোর রাতে সেহেরির আগমুর্হূতে উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা দরগাহাটি এলাকায় এই ঘটনা ঘটে।

আটক আলীরাজ উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের ওমর গণির ছেলে।

পুলিশ ও গ্রামবাসী জানান, আটক আলীরাজ ও তার কয়েক সহযোগী প্রথমে তাহিরপুর সদরের ধুতমা এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি করে। পরে চিকসা গ্রামে গিয়ে আরও একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় গ্রামবাসীরা ধাওয়া দিলে তারা চুরি করা মোটরসাইকেলটি ফেলে জঙ্গলে লুকিয়ে পড়ে। এরপার সেহেরির আগে চিকসা দরগা হাটির লেবু মিয়ার বাড়ি থেকে একটি অটোরিকশা চুরি করে পালিয়ে যায়। 

লেবু মিয়ার পরিবারের লোকজন সেহেরির সময় ঘুম থেকে উঠে অটোরিকশা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একটি সিএনজি নিয়ে অটোরিকশা খুঁজতে বের হন। এক পর্যায়ে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর এলাকার সড়কের পাশে গিয়ে দেখতে পান আলীরাজ দুর্ঘটনার কবলে পড়ে আছে। সে তাদের গাড়িতে করে বাড়ি যেতে চাইলে তাদের সন্দেহ হয়। পরে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি দেখতে পান তারা। একপর্যায়ে গ্রামবাসীরা তাকে আটক করে চিকসা গ্রামে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে ঘণ্টাখানেক সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে রোববার সকাল ৯টায় তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সুশংকর পাল বলেন, গ্রামবাসী গাড়িসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করা হয়। আটক আলীরাজ চুরির একাধিক মামলার আসামি এবং এর আগেও চুরির মামলায় জেল খেটেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160358