ঝিনাইদহে বৈষম্যবিরোধী নেতাকে হত্যার ঘটনায় বাসে আগুন, শ্রমিকদের সড়ক অবরোধ
ঝিনাইদহে তেল পাম্পে কর্মচারীদের মারধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নিরব হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার (৭ মার্চ) রাতে দুর্বৃত্তরা ঝিনাইদহ বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার প্রতিবাদে আজ রোববার (৮ মার্চ) সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন শ্রমিকরা।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য গেল রাতে, পেট্রোল পাম্পে তেল আনতে গিয়ে কর্মচারীদের মারধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাহদহ জেলার সাবেক আহ্বায়ক কমিটির কার্যনির্বাহী সদস্য নীরব নিহত হন। এরপর বৈষম্যবিরোধী নেতাকর্মীরা ওই মালিকের তেলের পাম্প ভাঙচুর করে। এ সময় রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঝিনাইদহ বাস টার্মিনালে তিনটি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তা নিয়ন্ত্রণ করেন।