শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি

শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি

রাজধানীর শাহবাগ থানার সামনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে একটি রিকশায় আনা মাইকে শেখ মুজিবুর রহমান–এর ৭ মার্চের ভাষণ বাজানো হলে উত্তেজনা তৈরি হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সাংবাদিকদের ইমি বলেন, “বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বের প্রতীক। তাকে ব্যবহার করে পরে ফেলে দেওয়ার বিষয় নয়। তিনি আমাদের জাতির জনক, এটি অমীমাংসিত বিষয়।”

রিপোর্ট লেখা পর্যন্ত ইমির গ্রুপের দুই সদস্যকে পুলিশ হেফাজতে দিয়েছে ছাত্রশক্তির নেতাকর্মীরা। রাত সাড়ে ১০টার দিকে তাদের থানায় সোপর্দ করার সময় থানার ভেতরেই ইমির দলের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

এ সময় ডি‌সি মাসুদ বলেন, ঘটনাকে কেন্দ্র করে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে দুপুরে রাজধানীর চানখাঁরপুল মোড়ে সাউন্ড বক্সে ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর এক শিক্ষার্থীসহ দুজনকে আটক করে বাংলাদেশ পুলিশ–এর শাহবাগ থানা। এ সময় ঘটনাস্থল থেকে ব্যবহৃত সাউন্ড বক্সটিও জব্দ করা হয়।

আটক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শহীদুল্লাহ হলের আবাসিক ছাত্র। তার সঙ্গে থাকা আরেকজনের পরিচয় জানা যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160251