বগুড়া শহরে ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে প্রশাসন ও দখলদারদের ইঁদুর-বিড়াল খেলা
স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করতে ট্রাফিক পুলিশ প্রশাসনের সাথে অবৈধ দখলদারদের ইঁদুর-বেড়াল খেলা চলছে। আজ শনিবার (৭ মার্চ) শহরের চাঁদনী বাজার এলাকায় এই ইঁদুর-বিড়াল খেলা লক্ষ্য করা যায়। দীর্ঘ দিন ধরে চলা এমন খেলায় অবৈধ দখলদারের কাছে অসহায় প্রশাসন ও সাধারণ মানুষ।

আজ শনিবার (৭ মার্চ)সকাল ৯টা থেকে বিকলে ৪টা পর্যন্ত শহরের ব্যস্ততম চাঁদনী বাজার এলাকায় বগুড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে অবৈধ উচ্ছেদ ও পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় এখানে পুলিশ সদস্যদের কঠোর তৎপরতার মুখে অবৈধ দখলদাররা জায়গাটি খালি করে চলে যান।
বগুড়ার টিআই (প্রশাসন) সালেকুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা এদিন চাঁদনী বাজার এলাকা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
তবে তাদের চলে যাওয়ার পরপরই অবৈধ দখলদাররা অবারও ফুটপাত এবং রাস্তা দখল করে তাদের পসরা সাজিয়ে বসেন। তাদের এমন মনোভাবের কাছ ট্রাফিক পুলিশের সাথে অসহায় শহরের সাধারণ মানুষ। এদিকে থানা মোড় থেকে ফতেহ আলী বাজার মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের ফুটপাত দখলের পর তা রাস্তা পর্যন্ত বিস্তৃত হয়েছে।
দীর্ঘ দিনের অভিযোগ, এই সড়কের দুই পাশের ব্যবসায়ী ও দোকানীরা অবৈধভাবে রাস্তা দখলদার বৈধতা দিচ্ছেন টাকার বিনিময়ে। প্রতিদিন রাস্তার মাঝে ৮/১০টি প্লাস্টিকের ক্যারেট দিয়ে র্যাক বানিয়ে নির্দ্বিধায় বেচাকেনা চালিয়ে যাচ্ছেন তারা। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত ভাড়া তুলছেন মার্কেটের ব্যবসায়ীরা।
অনুসন্ধানে এমন সত্যতা পাওয়া গেছে। ট্রাফিক পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করলেও মার্কেটের ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয়ে সুফল মিলছে না শহরবাসীর। ফুটপাত ও রাস্তা অবৈধভাবে ভাড়া বন্ধে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের।
উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে বগুড়ার টিআই (প্রশাসন) মো. সালেকুজ্জামান বলেন, শহরের ব্যস্ততম চাঁদনী বাজার এলাকা অবৈধ দখলমুক্ত করতে দিনভর অভিযান চালানো হয়েছে। দখল উচ্ছেদের পাশাপাশি এখানে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানও চালানো হয়।
তিনি আরও বলেন, এখানে গোলাপের বাগান গড়ে তোলা হবে। এই সৌন্দর্য যাতে নষ্ট না হয় এজন্য ভ্রাম্যমাণ দোকানীদের আহবান জানানো হয়েছে। এরপরেও কেউ কথা না শুনলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও শহরের যানজট নিরসনে আগামীকাল রোববার থেকে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কঠোর বিধি-নিষেধ আরোপ করে যানজট নিরসন করা হবে।
ট্রফিক পুলিশের এই কর্মকর্তা আক্ষেপ করে বলেন, যখন অভিযান চালানো হয় তখন যানজট নিয়ন্ত্রণে থাকে। আবার সড়কে ট্রাফিক পুলিশ না থাকলেই ফুটপাত-রাস্তা দখলসহ অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল শুরু হয়।
তিনি বলেন, মানুষ সচেতন না হলে বা আইনের প্রতি শ্রদ্ধা না থাকলে কোনভাবেই শহরের যানজট নিরসন সম্ভব না। তারপরেও তারা শহরের যানজট ও অবৈধ দখল মুক্ত রাখতে পৌর প্রশাসনসহ সব বিভাগের সহযোগিতা এবং মানুষের সচেতনতা কামনা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160224