শ্রেয়া ঘোষালের অভিযোগ

শ্রেয়া ঘোষালের অভিযোগ

বিনোদন ডেস্ক ঃ বলিউড থেকে টলিউড- শ্রেয়ার কণ্ঠের জাদুতে বিভোর সবাই। সেই ‘প্লে-ব্যাক সম্রাজ্ঞী’ই সম্প্রতি সিনেমায় গান গাওয়া নিয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘চিকনি চামেলি’র মতো চটুল গান আর গাইবেন না। তবে এবার লাইভ কনসার্টে শিল্পীদের অভ্যাস নিয়ে অভিযোগ করলেন এ গায়িকা। বিগত কয়েক মাস ধরেই ভারতের বিভিন্ন পপ্রন্তে লাইভ শো করতে গিয়ে শিল্পীদের বিভিন্নভাবে হেনস্তার মুখোমুখি হতে হয়েছে। কোথাও শিল্পীদের মঞ্চ থেকে নামিয়ে দেয়া হয়েছে আবার কোথাওবা ভক্তদের তাণ্ডবে অতিবিরক্ত হয়ে শিল্পীরা নিজেরাই মঞ্চ ছেড়ে নেমে গেছেন।

এ বিষয়ে শ্রেয়া বলেন, আসলে শিল্পীদের লাইভ পারফরম্যান্স উপভোগ করতেই কনসার্টে যোগ দেন শ্রোতারা। কিন্তু বেশ কিছু শিল্পী অবশ্য অন্য পন্থায় হাঁটেন। মঞ্চে কণ্ঠ ছাড়ার পরিবর্তে ‘লিপ সিঙ্ক’ করেন তারা। ফলে অনেক সময়ে লাইভ শোয়ের মজাটাই মাটি হয়ে যায়।

শিল্পীদের এহেন ‘শর্টকাট সংস্কৃতি’কে ‘অলসতা’র আখ্যা দিয়ে শ্রেয়া বলেন, এটা তো অলসতার পরিচয়। তাহলে সেই শিল্পী কঠোর পরিশ্রম করেন না। ব্যক্তিগতভাবে আমার মনে হয়, এই ধরনের পন্থা অবলম্বন করা মোটেও ঠিক নয়। ‘প্লে­-ব্যাক সম্রাজ্ঞী’র সংযোজন, শ্রোতা-দর্শকরা যেটা পছন্দ করেন, আমি সেটা অস্বীকার করতে পারি না। একজন শিল্পী হিসেবে আমারও কিছু দায়বদ্ধতা, নীতি রয়েছে। আমার নিজের কোনো গানের ক্ষেত্রেও যদি এটা ঘটে, তাহলে নিজেও সেটা শুনতে পারবো না। এই বিষয়টি অত্যন্ত অপমানজনক। কোনো কনসার্টে শিল্পীর লাইভ পরিবেশনা যদি ব্যর্থ হয়, তাহলে তার অস্বস্তি বোধ করা উচিত। উচিত কঠোর পরিশ্রম করা। কঠোর অনুশীলনের মাধ্যমেই সমাধানের পথ খোঁজা উচিত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160210