জয়পুরহাটের কালাইয়ে ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেফতার
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : কালাইয়ে পথরোধের পর মারপিট করে এক ব্যবসায়ী ও তার সহকারীর টাকা ছিনতাইয়ের ঘটনায় হারুন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় স্থানীয়রা আহত অবস্থায় ওই ব্যবসায়ী ও তার সহকারিকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। অবস্থার অবনতি হলে তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে আহত ব্যবসীর বাবা নুর আলম বাদী হয়ে বিএনপি নেতা হারুনসহ ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ রাতেই মামলার প্রধান আসামি হারুনকে গ্রেফতার করে আজ শুক্রবার (৬ মার্চ) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
আহত ব্যবসায়ী নাজিমুদ্দিন উপজেলার বিয়ালা গ্রামের নুর আলমের ছেলে। তার সহকারি আব্দুল আলীম একই গ্রামের বাসিন্দা। মামলার আসামিরা হলেন, বিয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে হারুন ও তার ভাই মামুনুর রশিদ, একই গ্রামের রেজাউল ইসলাম, জনাব আলী, রেজাউল করিম ও তোফায়েল আহম্মেদ। এরা সবাই স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
মামলার নথি সূত্রে জানা যায়, নাজিমুদ্দিন একজন আড়ৎ ব্যবসায়ী। গত মঙ্গলবার দিনভর তার সহকারি আব্দুল আলিমকে মোটরসাইকেলের পিছনে নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে টাকা সংগ্রহ করে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাত্রাই-বিয়ালা সড়ক হয়ে বকুল মোড় এলাকায় পৌছালে আসামিরা পূর্বপরিকল্পিত ভাবে পথরোধ করে মোটরসাইকেল আটকিয়ে এ্যালোপাতারি মারপিট করে ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে ব্যবসায়ী নাজিমুদ্দিন ও আব্দুল আলিমকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় মামলার পর পরই হারুন নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160092