বগুড়ার সারিয়াকান্দিতে জমাজমি নিয়ে সংঘর্ষ, কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সারিয়াকান্দিতে জমাজমি নিয়ে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শ্রী চয়ন রাজভর (৪০) নামের একজন কোচিং সেন্টারের পরিচালক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। চয়ন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকার তুলা রাম রাজভরের ছেলে। সে ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক।
এ ঘটনায় একই গ্রামের হামিদুর রহমানের ছেলে আমিনুর ফকির (৫৫) আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জানা গেছে, উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে নিহত চয়ন রাজভরের সাথে একই গ্রামের আহত আমিনুল ফকিরের দীর্ঘদিন ধরেই জমাজমি নিয়ে বিবাদ চলমান ছিল।
আজ শুক্রবার তারাবির নামাজের পর তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে চয়ন রাজভর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে স্হানীয়রা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় আহত আমিনুর ফকির প্রাথমিক চিকিৎসা নিয়ে সারিয়াকান্দি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত থাকার অপরাধে ২ জনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে আজ শুক্রবার রাত পর্যন্ত থানায় কোনও মামলা দায়ের হয়নি। মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160091