রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের উপর হামলা আহত-৪

রংপুরের পীরগাছায় প্রতিবন্ধী পরিবারের উপর হামলা আহত-৪

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় শিশুর ফিডারে লাথি মারার প্রতিবাদ করায় প্রতিবন্ধী একটি পরিবারের উপর কয়েক দফা হামলার অভিযোগ পাওয়া গেছে। কয়েক দফা মারপিটের পর ওই প্রতিবন্ধীর পরিবারে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের ৪ সদস্য আহত হয়েছেন।

এদের মধ্যে প্রতিবন্ধী শফিকুল ইসলামের স্ত্রীকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের পূর্ব নগরজিৎপুর গ্রামের এ ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, উপজেলা সদর ইউপির পূর্ব নগরজিৎপুর গ্রামের (দুই পা বিহীন) প্রতিবন্ধী শফিকুল ইসলামের ছোট ভাতিজার দুধ খাওয়া একটি ফিডার লাথি মেরে ভাঙার চেষ্টা করে প্রতিবেশী আরেক শিশু।

এ সময় ফিডারে লাথি মারার প্রতিবাদ করলে প্রতিবেশী প্রভাবশালী আব্দুল খালেক ও তার ছেলে সেনা সদস্য সোহেল মিয়া প্রতিবন্ধী শফিকুল ইসলামের পরিবারের উপর হামলা চালায়। কয়েক দফা হামলায় প্রতিবন্ধী শফিকুল ইসলাম(৪৫), তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম(৩৭), মা মেনেকা বেগম(৬০) ছোট ভাই এনামুল হক(৩২) ও তার স্ত্রী রাণী বেগম(৩০) আহত হন।

এদের মধ্যে গুরুতর আহত আঞ্জুয়ারা বেগমকে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিবন্ধী শফিকুল ইসলাম বলেন, তুচ্ছ একটি ঘটনা নিয়ে তারা আমাদের সবাইকে মেরেছে। আমি আদালতে আইনের আশ্রয় নিয়েছি। সঠিক বিচার চাই।

আহত মেনেকা বেগম বলেন, মারপিটের পর তারা আমাদের চলাচলের সরকারি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। লাঠিসোঠা নিয়ে সব সময় রাস্তার পাশে দাঁড়িয়ে মারার জন্য হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের নিকট নিরাপত্তা দাবি করছি। এ বিষয়ে অভিযুক্ত পরিবারের সাথে যোগাযোগ করা হলে তারা বাড়িতে না থাকায় বক্তব্য পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160053