আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন: এসএম জিলানী

আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন: এসএম জিলানী

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, আপনারা ভোট দিয়ে আমাকে ঋণী করেছেন, সম্মানিত করেছেন, সাহসী করেছেন। যার কারণে আমি মন্ত্রীদের কাছে গেলে বুক ফুলিয়ে সাহসের সাথে আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি। আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করায় আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে উত্তর হাজরা বাড়ি মন্দির চত্ত্বরে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

এই সংসদ সদস্য আরো বলেন, নির্বাচনের আগে আমি আপনাদের কথা দিয়েছিলাম যে,সনাতনী ভাই-বোনেরা যাতে বিনা বাধায় নির্বিঘ্নে শত ভাগ নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে আমি সে জন্য কাজ করবো। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আপনারা আমাকে যখন স্মরণ করবেন আমি তখনই আপনাদের কাছে ছুটে আসবো। আপনারা নির্ভয়ে আনন্দমূখর পরিবেশে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন।

এলাকার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক আমাকে কথা দিয়েছেন, কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার উন্নয়নে তিনি আমাকে সকল ধরনের সহযোগিতা করবেন। আপনারা আমাকে সহযোগিতা করুন। আমার পাশে থাকুন। আমি পর্যায়ক্রমে এলাকার শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগসহ সকল প্রকার উন্নয়ন করবো।

ফ্যামিলি কার্ডের বিষয়ে বলতে গিয়ে এস এম জিলানী বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর এই কার্ড বিতরণের জন্য কাউকে কোন প্রকার টাকা দেওয়া লাগবে না। কার্ড বিতরণে আপনারা কাউকে কোন প্রকার টাকা দিবেন না। যতি কেউ টাকা দাবি করে তা হলে আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159960