ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন শ্রীঘর গ্রামে আরুশ মিয়া ও নুরধন মিয়ার পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় এক বছর আগে শ্রীঘর গ্রামের আরুশ মিয়ার কাছ থেকে নুরধন মিয়ার ছেলে শাহজাহান এক লাখ টাকা ধার নেয়। দীর্ঘদিন অতিবাহিত হলেও সেই টাকা পরিশোধ করেনি শাহজাহান। এ নিয়ে গতকাল মঙ্গলবার আরুশ মিয়া ও নুরধন মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159772