সাতক্ষীরার কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গাছ থেকে পড়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

প্রতিদিনের মতো কাঁধে দা আর মনে সংসারের দুশ্চিন্তা নিয়ে কাজে বেরিয়েছিলেন বিপ্লব ঘোষ (৩৬)। ছোট ছেলে প্রদীপ্ত হয়তো জানত না, এটিই বাবার শেষ বিদায়।

আজ বুধবার (৪ মার্চ) সকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দমধুসূদনপুর গ্রামে আমগাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এই পরিশ্রমী কাঠকাটা শ্রমিক। নিহত বিপ্লব ঘোষ ওই গ্রামের দুলাল ঘোষের ছেলে। তার অকাল প্রয়াণে পুরো গ্রাম জুড়ে এখন শোকের মাতম।

স্থানীয় সমাজকর্মী তাপস ঘোষ জানান, বিপ্লব অত্যন্ত মেধাবী ছিলেন। স্কুলে ফলাফলও ছিল চমৎকার। কিন্তু চরম অভাবের কারণে মাধ্যমিকের পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। দুই ছেলেকে মানুষের মতো মানুষ করার স্বপ্ন নিয়ে বেছে নিয়েছিলেন কাঠকাটার মতো ঝুঁকিপূর্ণ কাজ। নিজের কষ্ট আড়াল করে সবসময় ছেলেদের ভবিষ্যতের কথা ভাবতেন তিনি।

নিহতের ভাই বিকাশ ঘোষ জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি আমগাছের বড় ডাল কাটছিলেন বিপ্লব। হঠাৎ ডালটি ভেঙে পড়লে তিনি নিচে পড়ে যান এবং বিশাল ডালটি তার শরীরের ওপর আছড়ে পড়ে। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করলেও পল্লী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিপ্লবের বড় ছেলে সুদীপ্ত (১৬) একাদশ শ্রেণিতে এবং ছোট ছেলে প্রদীপ্ত (৮) তৃতীয় শ্রেণিতে পড়ছে। স্বামীর নিথর দেহের পাশে নির্বাক বসে আছেন স্ত্রী চম্পা ঘোষ (৩০)। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এখন অথৈ সাগরে ভাসছে পুরো পরিবারটি। ঘরের চাল ফুঁড়ে যেন হাহাকার বেরোচ্ছে- কীভাবে চলবে এই এতিম সন্তানদের পড়াশোনা?

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের বলেন, এটি কেবল একটি দুর্ঘটনা নয়, একটি পরিবারের ভবিষ্যৎ ভেঙে পড়ার গল্প। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো এখন মানবিক দায়িত্ব।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159768