অবৈধভাবে দেশে প্রবেশ করা ৩৩০০ কেজি ভারতীয় জিরা জব্দ
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকটি আটক করা হয়।
পরে এটিতে তল্লাশি চালিয়ে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। দুই ব্র্যান্ডের প্যাকেজজাত করা মোট ৩,৩০০ কেজি জিরা পাওয়া গেছে।
এ সময় ট্রাক থেকে পাবনার সাঁথিয়া উপজেলার খেতুপাড়ার ধুলিয়া গ্রামের মৃত ছবেদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩৭) আটক করা হয়।