হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে রোনালদো!
স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরারেয়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এবং তাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় বেশকিছু গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়েছে। যেখানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসরের ম্যাচও। শোনা যাচ্ছে, তিনি নিজেও ব্যক্তিগত বিমানে সৌদি আরব ছেড়েছেন। এর ভেতর এই পর্তুগিজ সুপারস্টারের হ্যামস্ট্রিং চোটে পড়ার তথ্য নিশ্চিত করেছে আল-নাসর।
গত শনিবার আল-ফেইহার বিপক্ষে ৩-১ গোলে জিতেছে রিয়াদের ক্লাবটি। সেই ম্যাচে পেনাল্টিতে গোল মিস করা সিআরসেভেন পায়ের অস্বস্তিতে ভোগার কথা জানা যায়। যে কারণে তিনি ম্যাচের ৮১ মিনিটে মাঠ ছেড়ে যান। মঙ্গলবার আল-নাসর প্রধান তারকার চোটের কথা নিশ্চিত করে জানিয়েছে, ‘তিনি (রোনালদো) পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এবং নিয়মিতভাবে তার চোটের অবস্থা মূল্যায়ন করা হবে।’ রোনালদো ‘মাসল ফ্যাটিগ’-এ ভুগছেন এবং আর কোনো ঝুঁকি না নেওয়ার লক্ষ্যে তাকে তুলে নেওয়ার কথা ম্যাচ শেষে জানিয়েছিলেন আল-নাসরের কোচ জর্জ জেসুস। তবে এই তারকার মাংসপেশিতে চাপ নাকি টিস্যু ছিড়ে যাওয়ার মতো বিষয় আছে সেটি ক্লাবটির বিবৃতিতে স্পষ্ট নয়। তারা একটি ছবি প্রকাশ করেছে রোনালদোর। যেখানে ৪১ বছর বয়সী এই তারকাকে জিমে ভারত্তোলন ট্রেনিং করতে দেখা যায়। কয়েক দিনের মাঝেই তিনি ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, রোনালদোর জন্য এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ, তিন মাস পরই ফুটবলের সর্বোচ্চ আসর বিশ্বকাপ। জুন-জুলাইতে হতে যাওয়া এই বিশ্বকাপে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ষষ্ঠ আসর খেলতে নামার কথা রয়েছে তার। বিশ্বকাপে তারা ‘কে’ গ্রুপে পড়েছে উজবেকিস্তান, কলম্বিয়া ও ইন্টার-কনফেডারেশন প্লে-অফ ১-এ বিজয়ী দলের সঙ্গে। প্লে-অফ থেকে আসা দলের বিপক্ষে ১৭ জুন বিশ্বকাপ মিশন শুরু করবে রোনালদো-ফার্নান্দেজ-সিলভারা। এরপর ২৩ জুন উজবেকিস্তান এবং ২৭ জুন তাদের প্রতিপক্ষ কলম্বিয়া।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159756