সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমিতে সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পল্লী অঞ্চল পোতাজিয়া ইউনিয়নে জমিতে সেচ দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে একই গ্রামের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার গ্রামের মাঠের মধ্যে রহমান সরকারের স্কিম থেকে দানেজ সরকারের জমিতে সেচের পানি চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি এবং পরে দুই গ্রুপের নারী-পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় স্কিম পরিচালক আব্দুর রহমান, আজমত সরকার, লুৎফর সরকার, আনিস সরকার, ইসমাইল সরকার, লিমন সরকার, রাজ্জাক সরকার, মঞ্জেলা খাতুন, রাজিয়া খাতুন, দানেজ সরকারসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্কিম পরিচালক আব্দুর রহমান জানান, দানেজ সরকারের জমিতে ইতোমধ্যেই দুইবার সেচ দেয়া হয়েছে। কিন্তু লাঙ্গল দিয়ে চাষ না করায় প্রতিবারই পানি শুকিয়ে গেছে। আবারও ট্রাক্টর না এনে ফের পানি চাইলে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়।

পরে বাড়ির অন্যরা ঠেকাতে আসলে তাদেরও পিটিয়ে আহত করা হয়। অপরদিকে দানেজ সরকার জানান, তিনি তার জমিতে সেচ চাইতে গেলে সেচ না দিয়ে বকাঝকা করতে থাকে রহমান। এসময় তাকে নিষেধ করায় হামলে পড়ে। তখন স্বজনরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জমিতে সেচ দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159704