কুড়িগ্রামের রাজারহাটে দুর্গারাম ক্যানেলের ওপর পাটাতন ভাঙা ঝুঁকিপূর্ণ ব্রিজ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় দুর্গারাম আবাসন প্রকল্প সংলগ্ন ক্যানেলের ওপর নির্মিত প্রায় ৩৬ বছর পুরোনো একটি সরু ব্রিজের মাঝখানের পাটাতন ভেঙে দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্গারাম আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, আবাসন প্রকল্পের শতাধিক পরিবারসহ আশপাশের অন্তত আটটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
গতকাল সোমবার সরেজমিনে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের দুর্গারাম আবাসন প্রকল্প চালুর পর রাজারহাট থেকে আবাসন পর্যন্ত সড়কটি পাকা করা হলেও প্রকল্পের অদূরে ক্যানেলের ওপর নির্মিত সরু ব্রিজটি আর সংস্কার করা হয়নি। ১৯৯৬ সালের পূর্বে নির্মিত এই ব্রিজটির মাঝখানের পাটাতন প্রায় ১০ বছর আগে ভেঙে পড়ে। এরপর থেকে ঝুঁকি নিয়েই প্রতিদিন পারাপার হচ্ছে এলাকাবাসী।
এই ব্রিজ ব্যবহার করে ১০০ ঘরের আবাসন প্রকল্পের প্রায় চারশতাধিক অসহায় পরিবারসহ আশপাশের কয়েক হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। ব্রিজটি সরু হওয়ায় ভারী যানবাহন চলাচলও সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা হাসিনা বেগম (৪০) বলেন, তার মেয়ে মরিয়ম দুর্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ব্রিজ ভেঙে যাওয়ায় ভয়ে সে স্কুলে যেতে চায় না। প্রতিদিন ঝুঁকি নিয়ে তাকে ব্রিজ পার করে স্কুলে পৌঁছে দিতে হয়।
এ বিষয়ে সোমবার রাজারহাট উপজেলা প্রকৌশল কার্যালয়ের সার্ভেয়ার মো. পারভেজ মাহমুদ জানান, দুর্গারাম ক্যানেলের ওপর নির্মিত ব্রিজটি বহু পুরোনো। এটি আমাদের আওতায়। উপজেলায় এ ধরনের আরও ১২-১৩টি ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে।
এগুলো সংস্কারের জন্য রংপুর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত একটি ব্রিজের জন্য বরাদ্দ পাওয়া গেছে। তিনি বলেন দুর্গারাম ব্রিজটি নতুন করে নির্মাণ করতে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয় হতে পারে এবং নতুন বাজেটে বরাদ্দ পেলে কাজ শুরু করা সম্ভব হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159699