সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এন্টার চেঞ্জ সড়কে ৭০ দোকান উচ্ছেদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে উত্তরবঙ্গের প্রবেশপথ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইন্টার চেঞ্জ নির্মাণ এলাকায় পুলিশ ও সওজ কর্মকর্তা-কর্মচারীরা আজ মঙ্গলবার (৩ মার্চ) এক বিশেষ অভিযান চালিয়ে ৭০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে। সরিয়ে দিয়েছে সিএনজি ও লোকাল বাসস্ট্যান্ড।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের সঙ্গে বগুড়া থেকে পাঠানো ব্যাটেলিয়ান পুলিশ ও সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ যৌথভাবে এ অভিযানে অংশ নেন। হাইওয়ে পুলিশ বগুড়া রেঞ্জের পুলিশ সুপারের নিদের্শনায় এই অভিযান পরিচালিত হয়।
তিনি আরো জানান, হাটিকুমরুলে তিন বছর ধরে সড়ক ও জনপথ বিভাগ ইন্টার চেঞ্জ নির্মাণ কাজ চলমান রয়েছে। এমনিতেই এখানে বেশ কয়েকটি ফ্লাইওভার নির্মাণের জন্য সড়কগুলোতে যানবাহন চলাচলের স্বাভাবিক পরিস্থিতি নেই। তার ওপর পাঁচিলা থেকে রাজশাহীমুখী সড়কের কয়েক কিলোমিটারের উভয় পাশে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে।
এতে করে সড়কগুলোর প্রস্থ কমে গেছে। শুধু যানবাহন নয় যাত্রীরাও চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ অবস্থায় হাইওয়ে পুলিশ বগুড়া রেঞ্জের পুলিশ সুপারের নিদের্শনায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
হাটিকুমরুলে রাস্তার পাশে পাবনা বাসস্ট্যান্ড এবং সিএনজি স্ট্যান্ড করা হয়েছিল। অভিযাকালে এই দুটি স্ট্যান্ড পাবনা রোডের মাথায় সরিয়ে দেওয়া হয়েছে। এতে হাটিকুমরুল হয়ে রাজশাহী, রংপুর, ঢাকা, পাবনামুখী যানবাহন চলাচল অনেকটা নির্বিঘ্ন হবে। আশা করা হচ্ছে ঈদে ঘরমুখো মানুষ নিরাপদে আপনজনের সাথে মিলিত হতে পারবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159697