বগুড়ার দু‘টি লাচ্ছা সেমাই কারখানার তিন লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা

বগুড়ার দু‘টি লাচ্ছা সেমাই কারখানার তিন লাখ চল্লিশ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ার দুটি লাচ্ছা সেমাই কারখানায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (৩ মার্চ) শহরতলীর নিশিন্দারা এলাকার আলিফ লাচ্ছা সেমাই এর কারখানা এবং একই এলাকার শাহ লাচ্ছা সেমাই কারখানা ও মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে পায়ে মাড়িয়ে ময়দা খামি প্রস্তুত, উৎপাদিত সেমাই অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মোড়কজাত করা, ল্যাট্রিনের মধ্যে সেমাই তৈরি করা, পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশে সেমাই প্রস্তুত ও সংরক্ষণ,ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার, কারখানায় কর্মরত কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধান সামগ্রী ব্যবহার না করায় এবং কোনো প্রকার মান সনদ গ্রহন না করেই এবং অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় আলিফ লাচ্ছা সেমাই কারখানার মালিকের তিন লাখ টাকা এবং শাহ লাচ্ছা সেমাই কারখানা ও মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস এর মালিকের চল্লিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে আনুমানিক ১০০ কেজি পায়ে মাড়িয়ে প্রস্তুতকৃত ময়দা বিধি মোতাবেক জব্দ ও জনসম্মুখে ধ্বংস করা হয়। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মো: রাসেলসহ পুলিশ সদস্যরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159649