ইরানে অভিযানে আরও দুই মার্কিন সেনার মৃত্যু

ইরানে অভিযানে আরও দুই মার্কিন সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে আরও দুই মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। এ নিয়ে অভিযানে মোট ছয়জন মার্কিন সেনা সদস্য নিহত হলো। সোমবার বিকেলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। 

সেন্টকম জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত মোট ছয়জন মার্কিন সেনা ‘অ্যাকশনে’ নিহত হয়েছেন। সম্প্রতি ইরানের প্রাথমিক হামলার শিকার হওয়া একটি স্থাপনা থেকে নিখোঁজ দুই সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রবিবার তিন সেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছিল মার্কিন সামরিক বাহিনী। শনিবার ইরানে হামলা শুরু হওয়ার পর সেটিই ছিল প্রথম প্রাণহানির ঘটনা। এরপর সোমবার সকালে চতুর্থ এক সেনার মৃত্যুর খবর আসে। তিনি ইরানের প্রাথমিক হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা জানান, কুয়েতের একটি ঘাঁটিতে এই সেনারা নিহত হয়েছেন। ওই অভিযানে তিনজন নিহত হওয়ার পাশাপাশি আরও পাঁচজন গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন সেনা সদস্য স্প্লিন্টারের আঘাতে সামান্য আহত হলেও তারা দ্রুতই দায়িত্বে ফিরছেন বলে জানানো হয়েছে।

নিহতদের পরিচয় এখনও প্রকাশ করেনি মার্কিন কর্তৃপক্ষ। সেন্টকম জানিয়েছে, নিয়ম অনুযায়ী নিহতদের নিকটাত্মীয়দের জানানোর ২৪ ঘণ্টা পার হওয়ার আগে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমানে এই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। খবর : দ্য গার্ডিয়ান।



পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159592