দুবাইয়ে প্রবাসী কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টার মতবিনিময়
বর্তমান বৈশ্বিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ।
সোমবার দুবাইয়ের জাবাল আলী শিল্প এলাকায় অবস্থিত ‘ফারনেক ভিলেজ’ লেবার ক্যাম্প পরিদর্শনকালে তিনি প্রবাসী কর্মীদের খোঁজখবর নেন এবং বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধপরিকর। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সরকার প্রবাসীদের পাশে থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন। একই সঙ্গে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করায় আমিরাত সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
মতবিনিময় সভায় প্রবাসীরা ভিসা জটিলতা, সহজ শর্তে ঋণপ্রাপ্তি এবং বৈধ পথে অর্থ পাঠানোর সমস্যার কথা তুলে ধরেন। উপদেষ্টা এসব সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানান এবং দ্রুত ইতিবাচক ফল পাওয়ার আশা প্রকাশ করেন।
সভায় দুবাইয়ে বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান, কাউন্সেলর (শ্রম) মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159560