রংপুর জেলা যুবদলের বহিষ্কৃত সহ-সাধারণ সম্পাদক গালিব গ্রেফতার
রংপুর প্রতিনিধি : ডিশ ও ইন্টারনেট ব্যবসা দখলকে কেন্দ্র করে গুলি করে হত্যার হুমকির ঘটনায় দায়ের করা মামলায় সদ্য বহিষ্কৃত রংপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিবকে গ্রেফতার করেছে র্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। আজ সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রংপুর নগরীর কামালকাছনার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ উপ-অধিনায়ক মেজর সাইফুল ইসলাম।
তিনি জানান, মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান কর্তৃপক্ষের দায়ের করা মামলায় তামজিদুর রশিদ গালিবকে গ্রেফতার করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। কোতয়ালী থানার ওসি শাহাজান আলী জানান, মায়া সাইবার ওয়ার্ল্ড ও ক্যাবল ওয়ান অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও বাসায় গিয়ে হত্যার হুমকির অভিযোগে কোতোয়ালি থানায় ক্যাবল ওয়ান ও মায়া সাইবার ওয়ার্ল্ড পৃথক দুটি মামলা দায়ের করেন।
মামলায় জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব ও যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনুসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়। মামলার বাদি হয়েছেন ক্যাবল ওয়ান জিএম রায়হান আহম্মেদ পরাগ এবং মায়া সাইবার ওয়ার্ল্ডের সহকারী হিসাব রক্ষক মো. রাসেল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159545