কলকাতায় মারা যাওয়া এমপি জোয়াহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
কার্যক্রম নিষিদ্ধ টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
আজ সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় কোর্ট বিল্ডিং মসজিদের পেশ ইমাম মওলানা হাফিজুর রহমান ইমামতিকতে টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় সামাজিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের ছোট ভাই আতোয়ার রহমান জানান, এক সপ্তাহের বেশি সময় ভারতের কলকাতা বিমানবন্দরের কাছে দমদমের ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন সাবেক এমপি জোয়াহের। মৃত্যুর তিন দিন আগে থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।