‘ইমরান শো’তে গাইলেন তারা সবাই
অভি মঈনুদ্দীন ঃ এর আগে ‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’র দুটি শো প্রচারিত হয়েছিলো। বর্তমান প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় দুটি শোই বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। যে কারণে এবারের ঈদে তৃতীয়বারের মতো এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন প্রচার হবে রাত ১০.১০ মিনিটে। ইমরানের উপস্থাপনায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বুকলের লেখা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী চন্দন সিনহার গাওয়া সাতটি গান নিয়ে তৃতীয় পর্ব প্রচার হবে। ইমরান শো অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল। কবির বকুল জানান, এবারের অনুষ্ঠানে গান থাকবে মোট সাতটি।
এরমধ্যে তিনটি নতুন গান এবং চারটি পুরোনো। পুরোনো গানগুলোর মাঝে জাতীয় পুরস্কার পাওয়া ‘আমি নিঃস্ব হয়ে যাব’ গানটি গেয়েছেন ইমরান। লিজা গেয়েছেন ইমরানের সুর করা ‘ঠিকানাহীন তোমাকে’ শিরোনামের গানটি। কনা ও চন্দন সিনহা দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরবো’ এবং অনুষ্ঠানের বিশেষ আকর্ষন হিসেবে কবির বকুল নিজে গেয়েছেন ‘আমার পরাণ যাহা চায়’ শিরোনামের গানটি। নতুন তিনটি গানের মাঝে ‘কসম’ শিরোনামের একটি গান গেয়েছেন চন্দন সিনহা ও আতিয়া আনিসা, অন্য দুটি গান গেয়েছেন চন্দন একা। একটি ‘প্রার্থনা’, অন্যটি ‘তোমার ইচ্ছে হলে’। মইনুল ইসলামের সুর করা কবির বুকলের লেখা ‘তোমার ইচ্ছে হলে’ গানটি চন্দন সিনহা ১৭ বছর আগে গেয়েছিলেন বিটিভির একটি অনুষ্ঠানে। এবার আবার নতুন সংগীতায়োজনে নতুন করে গাইলেন চন্দন সিনহা।
ইমরান শো’ প্রসঙ্গে ইমরান বলেন,‘ এর আগের দুটি শোতে আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। আমার কাছে বকুল ভাই ও চন্দন দাদার সঙ্গে গানের এই চমৎকার সমন্বয়টা ভীষণ ভালোলাগে। তারা আমাকে স্নেহ করেন এবং আমার উপর আস্থা রাখেন, এটাই আমার কাছে ভীষণ ভালোলাগার। তৃতীয় পর্বটা আরো বেশি উপভোগ্য হবে বলে আমার বিশ্বাস।’
কবির বকুল বলেন,‘ শিল্পীদের মধ্যে এই আয়োজনে গাইবার যে প্রবল আগ্রহ, তাই আসলে আমাকে আনন্দিত করে। আর এবারই প্রথম আমি গাইলাম। জানিনা কেমন গেয়েছি। শ্রোতা দর্শক যেন ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে আমার গাওয়া গানটি উপভোগ করেন।’
চন্দন সিনহা বলেন,‘ পুরো আয়োজনটিই আসলে আমার গান নিয়ে। যে কারণে নিজের ভেতর উচ্ছ্বাসটা অনেক বেশি। শিল্পীদের আন্তরিকতায় ভীষণ মুগ্ধ আমি। শ্রোতা দর্শকের জন্যই এই বিশেষ আয়োজন এবং আমাদের কষ্ট করা। আশা করছি এবারের আয়োজনও আরো বেশি উপভোগ্য হয়ে উঠবে।’
এবারের আয়োজনে কথোপকথনে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া, নির্মাতা চয়নিকা চৌধুরী ও গীতিকবি লিটন অধিকারী রিন্টু।
অতিথিরা অনুষ্ঠানে এসে কথা বলেছেন কবির বকুল, চন্দন সিনহা ও ইমরানের সঙ্গে। অনুরোধ করেছেন তাঁদের পছন্দের গানটির। অতিথিদের পছন্দ অনুযায়ীই শিল্পীর গান শুনিয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159476