আবুধাবি-দোহায় বিস্ফোরণ ও কুয়েত-বাহরাইনে হামলার সাইরেন
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরানের নতুন দফার হামলার জেরে উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে বিস্ফোরণ ও হামলার সতর্কতা সাইরেনের খবর মিলেছে। একই সময়ে ইসরায়েল জানিয়েছে, তাদের দিকে আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকাতে কাজ করছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর আগে প্রতিবেশী কাতারের রাজধানী দোহাতেও প্রায় আধা ডজন বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানানো হয়েছিল। কাতারের রাজধানী দোহায় জোরালো কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইরানের হামলা অব্যাহত রয়েছে।
এদিকে কুয়েতে আবারও বিমান হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে উঠেছে। সাম্প্রতিক কয়েক ঘণ্টায় দেশটিতে অন্তত তৃতীয়বারের মতো এই সাইরেন বাজানো হলো। এর আগে কুয়েতি কর্তৃপক্ষ জানায়, রাজধানীর দিকে ধেয়ে আসা ড্রোনগুলোর ‘অধিকাংশ’ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভূপাতিত করেছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিমান হামলার সতর্কতা জারি করেছে এবং বাসিন্দাদের নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করেছে। তারা আরও জানায়, মানামাকে আশপাশের শহরের সঙ্গে যুক্ত শেখ খলিফা বিন সালমান সেতু বন্ধ করে দেয়া হয়েছে এবং প্রয়োজন ছাড়া প্রধান সড়ক ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান তাদের লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সতর্কবার্তা পাওয়া মাত্র বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সুরক্ষিত স্থানে অবস্থান করার আহ্বানও জানিয়েছে তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159432