বগুড়ার শেরপুরে কৃষকের সেচপাম্প ও সোনার গহনা চুরি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বেড়েছে চুরির উপদ্রব। বসতবাড়ি থেকে শুরু করে কৃষকের মাঠের সেচপাম্প, ট্রান্সফরমার এমনকি বৈদ্যুতিক তার চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইলচাপর গ্রামের জাহাঙ্গীর ইসলামের তিনটি ট্রান্সফরমার ও দু’টি সাবমারসিবল পাম্পের তার চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র।
এক মাস আগেও একই স্থান থেকে তার চুরির ঘটনা ঘটেছিল। এর আগে ওই দিন শনিবার বিকেলে টাউন কলোনী এলাকায় মনিরুজ্জামানের ভাড়া বাসার দরজার তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে ছয় ভরি সোনারগহনা ও দেড় হাজার টাকা লুট করে। ওই একই রাতে বীরগ্রামের হাবিবুর রহমানের সাবমারসিবল পাম্প ও ৭০ হাজার টাকা মূল্যের ১০০ মিটার কোরিয়ান তার চুরি হয়।
এলাকাবাসীর অভিযোগ, গত এক মাসে বীরগ্রাম, মাকোরকোলা ও তালতা গ্রামে চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। গত ১১ ফেব্রুয়ারি রাতে বীরগ্রামের তোতা মিয়ার সাবমারসিবল, ১২ ফেব্রুয়ারি রাতে আব্দুর রাজ্জাকের বাইসাইকেল ও জামাল উদ্দিনের সিএনজির ব্যাটারি চুরি হয়।
এছাড়া মাকোরকোলা গ্রামের শফিকুল ইসলাম ও আইয়ুব আলীর দু’টি পাওয়ার টিলারের মেশিন, রতন হোসেন, আলা উদ্দিন ও গোলাম হোসেনের (গোলাই হাজি) সাবমারসিবল পাম্প এবং মাথাইলচাপর গ্রামের মোনাইম হোসাইনের সাবমারসিবল পাম্পের তার চুরির ঘটনা ঘটে। আড়ংশাইল গ্রামের ইয়াকুব আলী ও বেনার হাজির পানি সেচ দেওয়ার মটরের তারও চোরেরা কেটে নিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159398