বগুড়ায় এক সেমাই কারখানার ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার : বগুড়া সদরের আপুইলে আসমানী লাচ্ছা সেমাই কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) বগুড়া সদরের আপুইল এলাকায় অবস্থিত আসমানী এগ্রো ফুডস’র আসমানী লাচ্ছা সেমাই কারখানায় অভিযান পরিচালনা করে বগুড়া জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
অভিযান সূত্রে জানা যায়, আজ রোববার (১ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি, অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন ও মোড়কজাত, সেমাই তৈরিতে পোড়া তেলের ব্যবহার, বিএসটিআই’র মানসনদ নবায়ন না করেই সেমাই উৎপাদন এবং মোড়কে মিথ্যা তথ্য ব্যবহার করতে দেখা যায়। এসব অপরাধে ওই সেমাই কারখানার ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159385