কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেফতার ৩
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় খালে মাছ ধরাকে কেন্দ্র করে চাঁদা দাবি, হামলা ও শ্লীলতাহানির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহানুর রহমান সুমন (৩৫), মো. সজীব (৩০) ও মো. রাসেল (৩০)।
আজ রবিবার (১ মার্চ)দুপুরে পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদা দাবির অভিযোগে সুমন তার দলবল নিয়ে শনিবার নীলগঞ্জ ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের গেট থেকে মাছ ধরার উপকরণ জোরপূর্বক নিয়ে যান। এ সময় বাধা দিলে ভুক্তভোগীদের মারধর করা হয় এবং কয়েকজন নারীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।
এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে সাতজনের নামে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।
কলাপাড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159378